২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর— শুক্র ও শনিবার সারা দেশে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজযাত্রীদের নিবন্ধনের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। এর পরের দুই দিন ২৫ ও ২৬ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের অর্থ ব্যাংকে জমা দিয়ে হজযাত্রীদের নিবন্ধন নিশ্চিত করতে ওই দুই দিন সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখা প্রয়োজন।
এ জন্য সারা দেশে হজ নিবন্ধনের অর্থ গ্রহণকারী সব ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ওই দুই দিন ব্যাংকের নির্ধারিত অফিস সময় শেষ হওয়ার পরও যতক্ষণ পর্যন্ত অর্থ জমাদানকারী গ্রাহক উপস্থিত থাকবেন, ততক্ষণ হজ নিবন্ধনের অর্থ গ্রহণের ব্যবস্থা রাখতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে নিবন্ধনের শেষ সময়ের মধ্যে অর্থ জমা দিতে না পারা হজযাত্রীরা সাপ্তাহিক ছুটির দুই দিনেও ব্যাংকের মাধ্যমে অর্থ জমা দেওয়ার সুযোগ পাবেন।









