বাংলাদেশের বোলিং কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ! আজ সোমবার পাকিস্তানের স্থানীয় পত্রিকা দ্য নিউজ এ খবর জানিয়েছে। পত্রিকাটির দাবি, বাংলাদেশের বোলিং কোচ হওয়ার কোনও আগ্রহ নেই তার।
তিনি বলেন, 'সদ্যই লাহোর কালান্দারসের দায়িত্ব নিয়েছি। গত শুক্রবার থেকে কাজ শুরু করেছি। এই মুহূর্তে আমার পক্ষে অন্য কোথাও যোগ দেওয়া সম্ভব না। তবে পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরের পর খণ্ডকালীন কাজ করতে পারি। ফুলটাইম কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।'
রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, বাংলাদেশের বোলিং কোচ হওয়ার জন্য আকিব জাভেদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা।
বিসিবি কার্যালয়ে তিনি বলেন, ‘আকিব জাভেদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। মঙ্গলবারের মধ্যে 'হ্যাঁ' কিংবা 'না' একটা কিছু সিদ্ধান্ত নিতে পারবো। এর পাশাপাশি বিকল্প হিসেবে কার কার সঙ্গে যোগাযোগ করা যায় তার একটা তালিকা তৈরি করেছি। স্পিন বোলিং কোচ নিয়েও কথা হচ্ছে।’
কয়েকদিন আগেই সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্ব ছাড়েন আকিব জাভেদ। এখন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দারসের ডিরেক্টর হিসেবে আছেন।
গত মাসে হিথ স্ট্রিক বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পদ ছাড়ার পর থেকেই বিসিবি নতুন বোলিং কোচের সন্ধানে নামে। পছন্দের তালিকায় ছিলেন চারজন চম্পকা রামানায়েকে, আকিব জাভেদ, চামিন্দা ভাস ও ভেঙ্কটেশ প্রসাদ। আকিব জাভেদের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর এখন বিসিবির তালিকায় আছেন তিনজন।
/এমআর/







