মহিলা কাবাডিতে আগামীর খেলোয়াড় তৈরির লক্ষ্যে শনিবার কাবাডি স্টেডিয়ামে শুরু হচ্ছে ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডি। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট চলবে ১১ মে পর্যন্ত।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. নিজামউদ্দিন চৌধুরী পারভেজ আজ বৃহস্পতিবার টুর্নামেন্টের অনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের জাতীয় মহিলা কাবাডি দলে বর্তমানে যে খেলোয়াড় রয়েছে তারা দুই বছরের বেশি সার্ভিস দিতে পারবে না। তারা চলে গেলে জাতীয় দলে খেলোয়াড় সংকট তৈরি হবে। কিন্তু এই ধরণের টুর্নামেন্টগুলোর মাধ্যমে আশা করছি পাইপলাইনে ভালো কিছু খেলোয়াড় রাখতে পারব। যারা এক সময় জাতীয় দলকে সার্ভিস দেবে।’
ওয়ালটন নবম জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নেবে। দলগুলো হল- বিজেএমসি, বাংলাদেশ আনসার, ঢাকা জেলা, নড়াইল জেলা, ফরিদপুর জেলা, পঞ্চগড় জেলা, বরিশাল জেলা, ঝিনাইদহ জেলা, জামালপুর জেলা, রাজশাহী জেলা, কুমিল্লা জেলা ও সিলেট জেলা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ, সদস্য সচিব রেহানা পারভীন।
/আরএম/এফআইআর/







