ব্রাজিলের রিও ডি জেনেইরোতে আগামী ৫ আগস্ট শুরু হতে যাচ্ছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' অলিম্পিক। কিন্তু আনন্দের পাশাপাশি সেখানেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। প্যারিসের মতো রিও অলিম্পিক চলাকালে পরিকল্পিত জঙ্গি হামলার আশঙ্কা করছে ফ্রান্স।
দেশটির নিরাপত্তা বাহিনীর দাবি ফরাসি অলিম্পিক দলের ওপর হামলা চালানোর একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন তারা। ঠিক এ ধরনের হামলা রিও অলিম্পিকেও ঘটতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।
এ বিষয়ে ব্রাজিলের বিচার বিষয়ক মন্ত্রী আলেকজান্দ্রে মোরেস গত জুনে বলেছিলেন, রিওতে জিহাদি আক্রমণের আশঙ্কা রয়েছে। কিন্তু হামলা হবেই এটা নিশ্চিত নয়। তবে ব্রাজিলের ইন্টেলিজেন্স এজেন্সি- 'এবিআইএন' জানিয়েছে, এ ব্যাপারে ফ্রান্সের কাছ থেকে তারা কোনও বার্তা পাননি।
আগামী মাসে অনুষ্ঠিতব্য রিও অলিম্পিকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেবেন সাড়ে ১০ হাজার অ্যাথলেট, অফিসিয়াল, সাংবাদিক ও পর্যটকদের নিরাপত্তা সুরক্ষিত করতে শহরে ৮৫ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। যার মধ্যে থাকবে ৪৭ হাজার পুলিশ ও ৩৮ হাজার সেনা সদস্য।
/এমআর/








