রিও'র পর আর কোনও অলিম্পিক গেমসে মাঠে নামবেন না কিংবদন্তি অ্যাথলেট উসাইন বোল্ট। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বোল্ট বলেন, 'এটা নিশ্চিত যে এটাই আমার শেষ অলিম্পিক। নিজেকে প্রমাণ করতে ইতোমধ্যে আমি সবকিছু করে ফেলেছি।'
তিনি আরও বলেন, 'আমি জানি, আমার এ সিদ্ধান্তে অনেক সমর্থক খুশি হবেন না। তারপরও এটাই সত্যি।' ইতোমধ্যে রিও অলিম্পিকে ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে সোনা জিতে ইতিহাস সৃষ্টির ঘোষণা দিয়েছেন বিশ্বের দ্রুততম এই দৌড়বিদ। তিনি বলেন, 'রিওতে সবকয়টি স্বর্ণ জিতব আমি। আমি ইতিহাস সৃষ্টি করব। এতে কোনও সন্দেহ নেই। তিনটি স্বর্ণ জিততেই এখানে এসেছি।'
২০০৮ সালে বেইজিং ও ২০১২ সালে লন্ডন অলিম্পিকেও এই ইভেন্টগুলোতে স্বর্ণ জিতেছিলেন বোল্ট। এবার গলায় তিনটি স্বর্ণ ঝুলাতে পারলেই 'ট্রেবল ট্রেবল' জিতবেন তিনি।
১৩ আগস্ট ১০০ ও ১৬ আগস্ট ২০০ মিটারের লড়াইয়ে নামবেন ২৯ বছর বয়সী বোল্ট। আর ১৮ আগস্ট ৪০০ মিটার রিলে অংশ নেবেন তিনি।
/এমআর/







