সরাসরি অলিম্পিকে কোয়ালিফাই করার যোগ্যতা অর্জন করে যতটুকু উচ্ছ্বসিত হয়েছিলেন তার প্রতিফলন গলফ কোর্সে দেখাতে ব্যর্থ হলেন বাংলাদেশের গলফ তারকা সিদ্দিকুর রহমান। আজ বারা ডা টিহুকাতে অবস্থিত অলিম্পিক গলফ কোর্সে অনুষ্ঠিত চতুর্থ ও শেষ রাউন্ডের খেলায় পারের চেয়ে ৪ শট বেশি খেলে অলিম্পিক শেষ করেন সিদ্দিকুর। শেষ পর্যন্ত তার স্কোর দাঁড়ায়, ৭৫+৭০+৭৫+৭৫=২৯৫। যা পারের চেয়ে ১১ শট বেশি।
আজ চতুর্থ রাউন্ডের খেলাতেও বাজে সূচনাই করেন সিদ্দিকুর। প্রথম নয় হোল বা আউটের এক, দুই ও চার নম্বর হোলে তিনি বোগি করেন বা খেলেন নির্ধারিত শটের চেয়ে একটি করে বেশি শট। পঞ্চম হোলে গিয়ে খেলেন তার প্রথম বার্ডিটি। উল্লেখ্য তৃতীয় রাউন্ডে তিনি কোনও বার্ডি বা নির্ধারিত শটের চেয়ে কম খেলতে পারেননি। সপ্তম হোলে আবার বোগি করার পর নবম হোলে গিয়ে করেন বার্ডি। নয়টি হোলের মোট নির্ধারিত ৩৫ শটের স্থানে তিনি খেলেন ৩৭ শট অর্থ্যাৎ দুটি শট বেশি খেলেন।
ইন বা ফিরতি ৯ হোলের খেলায় একাদশ, দ্বাদশ ও ১৭তম হোলে বোগি করেন সিদ্দিকুর। বার্ডি ছিল একটি, ষোলোতম হোলে। শেষ পর্যন্ত পারের ৩৬ শটের স্থানে ৩৮ শট খেলে গলফ ক্লাবগুলো ব্যাগে ঢুকান তিনি। নির্ধারিত ৭১ শটের স্থানে ৭৫ শটে চতুর্থ রাউন্ড শেষ করেন তিনি।
৬০ জন গলফারের মাঝে চাইনিজ তাইপির লিন ইউয়েন তাঙ নাম প্রত্যাহার করে নিলে প্রতিযোগীর সংখ্যা দাাঁড়ায় ৫৯ জনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চতুর্থ রাউন্ডের খেলা শেষ হয়নি, এ সময় সিদ্দিকুরের অবস্থান ছিল ৫৮তম।
/আরএম/এমআর/








