লন্ডন থেকে বাংলাদেশে এসেই জোনায়না আহম্মেদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট। জাতীয় বয়সভিত্তিক সাঁতারে আটটি জাতীয় রেকর্ড সহ ১০টি সোনা জিতে মেয়েদের বিভাগে সেরা হয়েছে গোপালগঞ্জ সুইমিং ক্লাবের জোনায়না।
ছেলেদের বিভাগে শ্রেষ্ঠ সাঁতারু হয়েছে বিকেএসপির জাহিদুল ইসলাম। দুটি রেকর্ড সহ তার প্রাপ্তি আটটি সোনা।
৪৩টি সোনা, ৪০টি রুপা ও ৪২টি ব্রোঞ্জ জিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। রানার্সআপ আনসার পেয়েছে ২৪টি সোনা, ১৯টি রুপা ও ২০টি ব্রোঞ্জ।
মঙ্গলবার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সাঁতার ফেডারেশনের সভাপতি এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।








