দশম এশিয়ান এয়ারগান শুটিং চ্যাম্পিয়নশিপে এয়ার রাইফেলে সিনিয়রদের ইভেন্টে বাকী-রিসালাতরা শীর্ষ আটের মধ্যে থাকতে পারেননি। তবে যুব ইভেন্টে সাফল্য পেয়েছে বাংলাদেশ। জাপানের ওয়াকো সিটির ১০ মিটার এয়ার রাইফেল এককে রুপা জিতেছেন অর্ণব সারার। তার স্কোর ২৪৯.৫০। এই ইভেন্টে সোনা জিতেছে চীন। ঝ্যাং ২৫০.০ স্কোর গড়ে জিতেছেন সোনা। আর ২২৮.২ স্কোর নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ভারতের শাহু তুষার।
বিকেএসপির অর্ণব এর আগে গত জাতীয় জুনিয়র আসরে রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন। জাপানে পারফরম্যান্সের ধারা সচল রেখে প্রথমবারের মতো আন্তর্জাতিক পদক জিতলেন। ২০০২ সালের কমনওয়েলথ সোনাজয়ী শুটার আসিফ হোসেন খান শনিবার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অর্ণব যে ভালো করবে, তা আগেই বুঝেছিলাম। জুনিয়রদের আসরে সে রেকর্ড গড়ে সেরা হয়েছিল। জাপানে তাকে ঘিরে আশা ছিল। সেটাই সে করে দেখিয়েছে। পারফরম্যান্স ধরে রাখতে পারলে অর্ণব বহুদূর যাবে। তবে এর জন্য তাকে আরও পরিশ্রম করতে হবে।’
অর্ণব বিকেএসপির শুটার হলেও ফেডারেশনের অধীনে দীর্ঘমেয়াদে অনুশীলনে আছেন। ডেনমার্কের কোচ ক্লাভসের অধীনে নিজেদের শানিয়ে যাচ্ছেন তিনি।







