জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনে রেকর্ড গড়েছেন মোহাম্মদ ইব্রাহিম। শটপুটে নৌবাহিনীর এই অ্যাথলেট ভেঙেছেন ২১ বছর আগের রেকর্ড। শনিবার ইব্রাহিম ১৪.৫৩ মিটার ছুড়ে নতুন রেকর্ড গড়েছেন। আগের রেকর্ডটি ছিল ১৯৯৭ সালে মোজাফফর হোসেনের ১৪.২৫ মিটার।
নতুন রেকর্ড গড়ে ইব্রাহিম স্বভাবতই ভীষণ খুশি। স্বপ্ন ছিল তার নতুন রেকর্ড গড়ার, সেটা সত্যি হওয়ায় চোখেমুখে তৃপ্তির ঝিলিক, ‘স্বপ্ন ছিল (নতুন রেকর্ড গড়ার)। আজ সেটা বাস্তবে রূপ নিলো। আমি খুবই খুশি। নৌবাহিনী কর্তৃপক্ষ ও আমার কোচের প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে।’
রেকর্ড নিয়ে তার বক্তব্য, ‘এটা প্রায় ২১ বছরের পুরনো রেকর্ড, মোজাফফর ভাই গড়েছিলেন। এত বছর পর সেই রেকর্ড ভাঙার কীর্তি গড়তে পেরে সত্যিই আমার নিজের কাছে খুব ভালো লাগছে।’
নৌবাহিনীর প্রশংসাও ঝরল তার কণ্ঠে, ‘নৌবাহিনী খেলোয়াড়দের যথেষ্ট মূল্যায়ন করে। যথেষ্ট সুযোগ-সুবিধা দিচ্ছে, প্রশিক্ষণে কোনও কমতি রাখছে না। নৌবাহিনীর চাওয়া তাদের মধ্যে থেকে এমন খেলোয়াড় উঠে আসুক, যারা শুধু দেশে নয় আন্তর্জাতিক অঙ্গনেও ভালো করতে পারবে।’








