প্রতি বছরই ক্রীড়াঙ্গনে অবদান রাখা খেলোয়াড়, সংগঠক ও পৃষ্ঠপোষকদের পুরস্কৃত করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। এবার কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন শুটার আব্দুল্লাহ হেল বাকী। আর পপুলার চয়েজ অ্যাওয়ার্ড উঠেছে ক্রিকেটার তামিম ইকবালের হাতে। ১৯৬৪ সাল থেকে এই পুরস্কার দিচ্ছে ক্রীড়া লেখকদের সংগঠন বিএসপিএ।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বিএসপিএ’র জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। আর বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
সেরা ক্রীড়াবিদ ক্যাটাগরিতে বাকীর সঙ্গে মনোনীত হয়েছিলেন দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও রুমানা আহমেদ। আর পপুলার চয়েজ অ্যাওয়ার্ড লড়াইয়ে তামিমের সঙ্গী ছিলেন মুশফিক, রুমানা ও বাকী। পাঠকের ভোটে এই বিভাগের পুরস্কার পেয়েছেন দেশসেরা ওপেনার তামিম।
এছাড়া বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মুশফিক, ফুটবলার তপু বর্মণ, ব্যাডমিন্টন খেলোয়াড় শাপলা আক্তার, শুটার বাকী, উদীয়মান ক্রীড়াবিদ সিরাত জাহান স্বপ্না ও মেহেদী হাসান আলভী, কোচ গোলাম রব্বানী ছোটন, সংগঠক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, তৃণমূল ক্রীড়াব্যক্তিত্ব হকি কোচ ফজলুল ইসলাম ও সংগঠক মনসুর আলী নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে সাবেক অ্যাথলেট নাজমুন নাহার বিউটিকে বিশেষ সম্মাননা এবং বর্ষসেরা পৃষ্ঠপোষক হিসেবে বসুন্ধরা গ্রুপকে পুরস্কৃত করেছে বিএসপিএ।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘খেলাধুলার সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। তবু আমাকে সম্মানিত করায় বিএসপিএকে ধন্যবাদ। খেলাধুলা একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে খেলাধুলার বিশাল ভূমিকা। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় ক্রীড়াক্ষেত্রে আমরা আরও এগিয়ে যাবো।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে অবদান রাখা ক্রীড়াবিদদের সম্মানিত করছে বিএসপিএ। সেজন্য তাদের ধন্যবাদ জানাই। আশা করি, এই প্রচেষ্টা অব্যাহত রেখে ক্রীড়াবিদদের উৎসাহিত দিয়ে যাবে সংগঠনটি।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর অবদান অনেক। মেয়েরা ক্রিকেটে ভালো করছে, তারা এশিয়া কাপ জিতেছে। ছেলেরাও ভালো করছে, আশা করি তারা বিশ্বকাপে ভালো খেলবে।’








