শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার দাবা লিগ। ১১ দলে এবারই সর্বোচ্চ ১৩ জন গ্র্যান্ডমাস্টার খেলবেন। এর মধ্যে বাংলাদেশের চারজন। করোনাভাইরাসের কারণে শুধু খেলছেন না উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। তারপরও লিগে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত গ্র্যান্ডমাস্টার খেলছেন। যেখানে ভারতের বি আদিভানের রেটিং ২,৬৫৯। এছাড়া আছেন বেলারুশের একজন গ্র্যান্ডমাস্টার।
এবারের বাংলাদেশের নবীন দাবাড়ুদের জন্য সুবর্ণ সুযোগ গ্র্যান্ডমাস্টারের নর্ম অর্জনের। বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান খেলছেন গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ দলে। তাকে ঘিরে প্রত্যাশা একটু বেশি।
যদিও দাবা ফেডারেশনের প্রধান আরবিটর হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আসলে বাস্তবে তা (গ্র্যান্ডমাস্টার নর্ম) কঠিন। যদি অন্য দেশ থেকে আরও গ্র্যান্ডমাস্টার আসতো তাহলে সম্ভাবনা থাকতো। এখানে বাংলাদেশ ছাড়া দুটি দেশ থেকে গ্র্যান্ডমাস্টার এসেছে। তাই এই লিগ থেকে সত্যিকার অর্থে নর্ম অর্জন করা বেশ কঠিন।’
দাবা লিগে দেশের চার গ্র্যান্ডমাস্টার বিভিন্ন দলে খেলছেন। শুধু খেলছেন না নিয়াজ মোর্শেদ। এই প্রসঙ্গে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেছেন, ‘করোনার মধ্যে নিয়াজ খেলতে চাইছে না। ওর একটু অ্যাজমা সমস্যা আছে। তাই ও কোনও ঝুঁকি নিতে চাইছে না।’
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ ২৫ হাজার টাকা। আর রানার্স-আপ পাবে ৭৫ হাজার টাকা।









