বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে অ্যাথলেটিকসের ২০০ মিটার স্প্রিন্টে নতুন রেকর্ড গড়েছেন শিরিন আক্তার। মেয়েদের ইভেন্টে নৌবাহিনীর এই অ্যাথলেট ভেঙে দিয়েছেন ২০০৬ সালে করা বিউটি আক্তারের করা রেকর্ড! আগের রেকর্ডটি ছিল ২৪.৩০ সেকেন্ডের। আর এবার শিরিন সময় নিয়েছেন ২৪.২০ সেকেন্ড। এই ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। তিনি সময় নিয়েছেন ২৪.৫০ সেকেন্ড। এছাড়া বাংলাদেশ আনসারের কবিতা রায় ২৫.৯০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।
নতুন রেকর্ড গড়ে শিরিন আক্তার বলেছেন, ‘নতুন রেকর্ড গড়ে অনেক ভালো লাগছে। বিউটি আপুর করা আগের রেকর্ডটি ভেঙেছি। আসলে আমার অধ্যবসায় আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলাম।’
১০০ ও ২০০ মিটারে নিয়মিত সাফল্যের পাওয়ার পেছনে শিরিনের ভাষ্য, ‘কারোর একার প্রচেষ্টায় সাফল্য আসে না। এজন্য অনেকেরই অবদান আছে। বিওএ, নৌবাহিনী, বিকেএসপি, ফেডারেশন এমনকি সাংবাদিকদের লেখনীও। আমি কঠোর পরিশ্রম করেছি বলেই সাফল্য আসছে। এর জন্য আমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। নিজের ফিটনেস ধরে রাখার জন্য আমি ঈদের সময়ও অনুশীলন করে থাকি।’
২০০ মিটার স্প্রিন্টে ছেলেদের ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ বিমান বাহিনীর নাঈম ইসলাম। তিনি দৌড় শেষ করেছেন ২১.৭০ সেকেন্ড সময় নিয়ে। রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফুল। তিনি সময় নিয়েছেন ২১.৮০ সেকেন্ড। এছাড়া ২২.২০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোতালেব।
২০০ মিটারে স্বর্ণপদক জিতে নাঈম ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘জুনিয়র অ্যাথলেট থাকার সময়ে জহির রায়হান (বর্তমান অ্যাথলেট) আমাকে কোচিং করিয়েছেন। শেরপুরে আমাদের বাড়ি। এবার গেমসে শুরুতে ১০০ মিটারে অংশ নিয়ে তৃতীয় হয়েছি। তবে জহির রায়হান প্রতিযোগিতায় অংশ নিতে পারলে হয়তো আমার সেরা হওয়া কঠিন হয়ে পড়তো। অ্যাথলেটিকস আমি আসলে উপভোগ করি। তাই এর সঙ্গে আছি। ভবিষ্যতে দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেতে চাই।’









