আগামী ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের রাজধানী টোকিওতে হতে যাচ্ছে অলিম্পিক গেমস। অন্যবারের মতো এই গেমসেও অংশ নিচ্ছে বাংলাদেশ। ১৮ সদস্যের দলে আছে ৬ ক্রীড়াবিদ। চারটি ডিসিপ্লিনে লড়বেন রোমান সানা-আব্দুল্লাহ হেল বাকীরা। দেশ ছাড়ার আগে লাল-সবুজ ক্রীড়াবিদরা পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভকামনা।
বুধবার বিকালে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাঝে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ভিডিওচিত্রে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য তুলে ধরা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের ক্রীড়াবিদরা টোকিও-২০২০ অলিম্পিকে অংশগ্রহণ করছে জেনে আমি খুবই আনন্দিত। কোভিড-১৯ মহামারির এই কঠিন সময়ে আমাদের ক্রীড়াবিদরা দৃঢ় মনোবল নিয়ে লড়াই করবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে। আমি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর টোকিও-২০২০-তে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সকল ক্রীড়াবিদকে শুভকামনা জানাচ্ছি এবং সাফল্য কামনা করছি।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও শুভকামনা জানিয়ে বলেছেন, ‘আন্তরিক শুভকামনা জানাচ্ছি। যদি তারা গেমসে সর্বোচ্চটুকু দিতে পারে, উজাড় করে দিতে পারে, তাহলে দেশের জন্য মাইলফলক আনতে পারবে বলে বিশ্বাস করি। এ মুহূর্তে সুস্থ থাকা গুরুত্বপূর্ণ। আশা করি তারা সুস্থ থেকে সেরাটা উজাড় করে দিতে পারবে।’









