লন্ডন থেকে জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিয়ে বাজিমাত করেছেন ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়ে হয়েছেন দ্রুততম মানব। ২৮ বছর বয়সী এই অ্যাথলেটের লাল-সবুজ পতাকা গায়ে জড়িয়ে ট্র্যাকে অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ স্থগিত হয়ে যাওয়ায় আপাতত আর সেই সুযোগ মিলছে না।
আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি কাজাখস্তানে ২৯ দেশের অংশগ্রহণে ইনডোর চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল। বাংলাদেশ থেকে ইমরানুরসহ পাঁচ অ্যাথলেট চূড়ান্ত হয়েছিলেন। কিন্তু করোনার কারণে প্রতিযোগিতাটি হচ্ছে না।
অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনা পরিস্থিতির কারণে ইনডোর চ্যাম্পিয়নশিপ আপাতত আর হচ্ছে না। এই প্রতিযোগিতায় ইমরানুরের অভিষেক হওয়ার কথা ছিল। এখন কী আর করার! সামনে ইসলামিক সলিডারিটি কিংবা কমনওয়েলথ গেমসে হয়তো ইমরানুরকে দেখা যেতে পারে।’
ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নিতে না পেরে কিছুটা হতাশ ইমরানুর। লন্ডন থেকে বলেছেন, ‘করোনার কারণে ইনডোর চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না। তবে আমি এখনই হাল ছেড়ে দিচ্ছি না। বাংলাদেশের হয়ে যেকোনও সময় মাঠে নামার জন্য প্রস্তুত আছি।’









