তিন ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ ভলিবল দল এখন মালদ্বীপে। প্রথম ম্যাচে হরষিত-জাবিররা সুবিধা করতে পারেনি। হেরেছে ৩-১ সেটে। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে লাল-সবুজের দল ম্যাচ জিতে নিয়েছে।
আজ (বৃহস্পতিবার) মালেতে বাংলাদেশ ৩-১ সেটে হারিয়েছে স্বাগতিকদের। প্রথম সেট ২৫-২১ পয়েন্টে জিতলেও পরেরটিতে হারতে হয়েছে ২৫-১৬ পয়েন্টে। তবে বাকি দুটি সেট ২৫-১৫ ও ২৫-২১ পয়েন্টে জিতে ম্যাচ জিতেছে বাংলাদেশ দল।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক হরষিত রায় বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মালেতে এসেই প্রথম ম্যাচে হেরেছি। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে কষ্ট হয়েছে। তবে একটু ধাতস্থ হয়েই আমরা ঘুরে দাঁড়িয়েছি। আশা করছি, পরের ম্যাচ জিততে পারবো।’
আগামীকাল (শুক্রবার) রাতে বাংলাদেশ তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে।









