গত বছর সুইজারল্যান্ডের লুজানে বিশ্বকাপ আর্চারিতে রিকার্ভ মিশ্র ইভেন্টে রুপা জিতেছিলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এবারও পদক জেতার লক্ষ্য তাদের। ফ্রান্সের প্যারিসে আগামী ২১ থেকে ২৬ জুন হতে যাচ্ছে বিশ্বকাপ আর্চারির স্টেজ-৩। সেই মিশনে আগামীকাল (রবিবার) সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা রোমান-দিয়াদের।
কোচ হিসেবে যাচ্ছেন জার্মানির মার্টিন ফ্রেডরিক। তিনি দল নিয়ে জানিয়েছেন লক্ষ্যের কথা। বাংলা ট্রিবিউনকে এই জার্মান বলেছেন, ‘প্যারিসে ৫০টি দেশের আর্চাররা থাকবেন। তাদের সঙ্গে লড়াই করে পদক জেতা কঠিন। লুজানে আমরা পদক পেয়েছিলাম। এবার সেই লক্ষ্যেই খেলবো।’
রিকার্ভ এককে রোমান ও দিয়াকে নিয়ে এবারও প্রত্যাশা থাকছে। তবে ফ্রেডরিক বাস্তবে থাকছেন, ‘রিকার্ভ এককে কোয়ার্টার ফাইনালে যেতে পারলে ভালো হবে। সেখানে ভালো খেলতে পারলে পদকের দেখা মিলতে পারে। মেয়েদের জন্য কঠিন পরীক্ষা হবে। তবে আমি আশাবাদী ভালো কিছুই হবে।’
রোমান ও দিয়া দুজনেই ইতিবাচক ফলের আশায়। তাদের ভাষায়, ‘আমাদের প্রস্তুতি ভালো। চেষ্টা করবো ভালো ফল করতে।’
বাংলাদেশ দল:
রিকার্ভ পুরুষ: রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, আব্দুর রহমান আলিফ ও সাগর ইসলাম।
রিকার্ভ নারী: দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা দিশা।









