ভারতের চেন্নাইয়ের ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডে তানজানিয়াকে হারিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনে এসে উল্টো চিত্র দেখতে হয়েছে। শনিবার ওপেন ও নারী দুই বিভাগেই হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ নারী দল ২৫ নম্বর সিডেড ইতালির কাছে ১.৫-২.৫ গেম পয়েন্টে হেরে গেছে। অপরদিকে ওপেন বিভাগে বাংলাদেশ ১৯ নম্বর সিডেড হাঙ্গেরির কাছে ০-৪ গেম পয়েন্টে হার মানে।
নারী দলের নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ভালো খেলেছেন। তিনি হারিয়েছেন ইতালির নারী দলের আন্তর্জাতিক মাস্টার জিমিনা ওলগাকে। ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ড্র করেছেন একই দলের নারী আন্তর্জাতিক মাস্টার গুয়েসি টিয়ের সঙ্গে।
নারী আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন হেরেছেন আন্তর্জাতিক মাস্টার ব্রুনেলো মারিনার কাছে। নারী ফিদে মাস্টার নাজরানা খান ইভা হার মানেন ক্যাসসি এলিসার কাছে।
ওপেন বিভাগে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের কেউই জিততে পারেনি।
চার জনই হেরেছেন যথাক্রমে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার এরডোস ভিক্টর, গ্র্যান্ড মাস্টার বারকেস ফেরেনক, গ্র্যান্ডমাস্টার বানুস তামাস ও গ্র্যান্ডমাস্টার একস পিটারের কাছে।
দুই খেলায় বাংলাদেশ উভয় দল ২ ম্যাচ পয়েন্ট করে অর্জন করেছে। আগামীকাল রবিবার তৃতীয় রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ নেদারল্যান্ডস এন্টিলিসের বিরুদ্ধে এবং নারী বিভাগে বাংলাদেশের নারী দল মাল্টার নারী দলের বিপক্ষে খেলবে।









