৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের ষষ্ঠ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ৬৫ সিডেড বাংলাদেশ দল ২৮ সিডেড ডেনমার্কের কাছে ৩-১ গেম পয়েন্টে হেরে গেছে।
বুধবার শুধু বাংলাদেশ দলের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ জয় পেয়েছেন। দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার হারিয়েছেন ডেনমার্কের গ্র্যান্ডমাস্টার রাসমুসে এলাম স্টিগকে। এছাড়া গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে হেরেছেন ডেনমার্কের গ্র্যান্ডমাস্টার বেজরি জোনস বুহ্ল, গ্র্যান্ডমাস্টার এন্ডারসেন ম্যাডস ও গ্র্যান্ডমাস্টার থাইবো জেসপার সোনদেরগার্ডের কাছে।
ওপেন বিভাগে বাংলাদেশ দল ৬ খেলায় ৭ পয়েন্ট নিয়ে ৬২তম স্থানে রয়েছে। এই পর্বে আর্মেনিয়া ৬ খেলায় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে।
অন্যদিকে নারী বিভাগে বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে ইরানের কাছে হেরেছে। বাংলাদেশের নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ড্র করেন মাসোউমি সাহারের সঙ্গে। নারী ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌসও পয়েন্ট ভাগাভাগি করেন ফিদে মাস্টার মাদিয়ান আনোউশারের সঙ্গে।
নারী আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন ও নারী ফিদে মাস্টার নাজরানা খান ইভা যথাক্রমে আন্তর্জাতিক মাস্টার আলিনাসাব মোবিনা ও ফিদে মাস্টার আজগারজাদে মিত্রার কাছে হেরে যান। বাংলাদেশ দল ৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ৬৫তম স্থানে রয়েছে। স্বাগতিক ভারত ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে।
বৃহস্পতিবার খেলার বিরতি। পরদিন শুক্রবার সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ সুইডেনের বিপক্ষে এবং নারী বিভাগে বাংলাদেশ মুখোমুখি হবে সিরিয়ার।









