ভারতের তামিলনাড়ুতে ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ৬৫ সিডেড বাংলাদেশ দল ৩১ সিডেড সুইডেনের সঙ্গে ২-২ গেম পয়েন্টে কৃতিত্বপূর্ণ ড্র করেছে। একদিন বিরতির পর শুক্রবার (৫ আগস্ট) অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় বাংলাদেশ দলের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হারান সুইডেনের গ্র্যান্ডমাস্টার গ্রান্ডিলিয়াস নিলসকে। রাজীব গ্র্যান্ড মাস্টার গ্রান্ডিলিয়াসের সিসিলিয়ান পদ্ধতির বিরুদ্ধে ইংলিশ অ্যাটাকে খেলে ৫৫ চালের মাথায় জয়ী হন।
অন্যদিকে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ড্র করেন সুইডেনের গ্র্যান্ডমাস্টার হির্লাপ পারসন টিগারের সঙ্গে। আর গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ পয়েন্ট ভাগাভাগি করেন সুইডেনের গ্র্যান্ডমাস্টার ওয়েস্টারবার্গ জোনাথনের সঙ্গে।
তবে ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ হেরে যান সুইডেনের গ্র্যান্ড মাস্টার ইমানুয়েল বার্গের কাছে ।
ওপেন বিভাগে বাংলাদেশ দল সাত খেলায় আট পয়েন্ট নিয়ে ৫৯তম স্থানে রয়েছে। আর্মেনিয়া ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
অপর দিকে বাংলাদেশের নারীরা এ রাউন্ডের খেলায় ৩-১ গেম পয়েন্টে সিরিয়াকে হারিয়েছেন। বাংলাদেশ দলের নারী আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও নারী ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস যথাক্রমে সিরিয়ান মাহমুদ ওলা, আহমেদ মুরাদ ফাতিমা আলজাহরা ও মহিলা ফিদে মাস্টার মাহমুদ রোওলাকে হারান।
তবে বাংলাদেশ নারী দলের উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার সিরিয়ার খালিল মানারের কাছে হেরে যান। নারী দল সাত খেলায় ৮ পয়েন্ট নিয়ে ৪৭তম স্থানে রয়েছে। ভারত এই রাউন্ডে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে।
শনিবার (৬ আগস্ট) অষ্টম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। নারী বিভাগে বাংলাদেশ মুখোমুখি হবে তুরস্কের।









