সংযুক্ত আরব আমিরাতে ২৮তম আবুধাবি আন্তর্জাতিক দাবা ফেস্টিভালের মাস্টার্স ইভেন্টে সপ্তম রাউন্ডের খেলায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হেরেছেন। তবে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান পয়েন্ট ভাগাভাগি করেছেন ভারতের প্রতিযোগীর সঙ্গে।
জিয়াউর রহমান ও ফাহাদ রহমান ৭ খেলায় ৪ পয়েন্ট করে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে ৩ পয়েন্ট এবং ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ২ পয়েন্ট অর্জন করেছেন।
মাস্টার্স ইভেন্টের সপ্তম রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের গ্র্যান্ডমাস্টার পি, ইনিয়ানের সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে কুইন’স গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় ৩৭ চালে ড্র করেন।
তবে গ্র্যান্ডমাস্টার জিয়া ভারতের গ্র্যান্ড মাস্টার আরিয়ান চোপড়ার কাছে হেরে যান। গ্র্যান্ড মাস্টার জিয়া কালো ঘুঁটি নিয়ে ফ্রেঞ্চ ডিফেন্স অবলম্বন করে খেলে ৪৩ চালে হেরে যান।
ফিদে মাস্টার তাহসিন ভারতের বৈভব জায়ান্ত রাউতকে ও ফিদে মাস্টার পরাগ সংযুক্ত আরব আমিরাতের হামাদ বাদেরকে হারান।
ভারতের এরিগাইছি অর্জুন সাড়ে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন।









