ইতালিতে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দলের কেউই ভিসা না পাওয়ায় সেখানে যাওয়া হয়নি। ভিসা না দেওয়ার জন্য অবশ্য দুঃখ প্রকাশ করেছে ঢাকাস্থ দূতাবাস। তবে ইতালি না যেতে পারলেও ইন্দোনেশিয়ায় খেলতে গেছেন নোশিন-খুশবুরা।
বুধবার (১২ অক্টোবর) মধ্যরাতে বালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন লাল-সবুজ দলের জুনিয়র দাবাড়ুরা। সেখানে ১৩ থেকে ২২ অক্টোবর এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ হচ্ছে। ইতালি না যেতে পেরে এখন বালিতে মনোযোগ সবার।
বয়সভিত্তিক সব ইভেন্টেই অংশ নিচ্ছে বাংলাদেশ। দলটির হেড অব ডেলিগেশন মাহমুদা হক মলি ঢাকা ছাড়ার আগে বিমানবন্দর থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইতালিতে আমাদের যাওয়া হয়নি। না যেতে পেরে সবার মন খারাপ। কেননা সেখানে বিশ্বের অনেক ভালো দাবাড়ুরা খেলছে। তাই এখন সবাই ইন্দোনেশিয়া খেলতে যাচ্ছে। সেখানে এশিয়ান লেভেলে প্রতিদ্বন্দ্বিতা হবে। ভালো অভিজ্ঞতা হবে। দাবাড়ুরা খেলার মধ্যে থাকতে পারলে উন্নতি করতে পারবে।’
অনূর্ধ্ব ১৮ বিভাগে খেলা নোশিন আনজুমও ভালো ফল করতে চাইছেন, ‘বালির ইয়ুথ চ্যাম্পিয়নশিপে আমরা ভালো ফল করার জন্য যাচ্ছি। প্রস্তুতি খারাপ হয়নি। আশা করছি ইতিবাচক ফল হবে।’









