কিছুদিন আগে মালদ্বীপে খেলে এসেছেন হরষিতসহ অন্যরা। এবার মালয়েশিয়াতে খেলতে গেছেন বাংলাদেশ ভলিবল দলের সাবেক অধিনায়ক আল জাবির। ১৪ থেকে ৬ নভেম্বর সুপার সিরিজ ভলিবল হবে মালয়েশিয়ায়। সেখানে মেলাকা মৌসিদিয়ের হয়ে কোর্ট মাতানোর অপেক্ষায় জাবির।
আজই কুয়ালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। যাওয়ার আগে বাংলা ট্রিবিউনকে জাবির বলেছেন, ‘মালয়েশিয়াতে প্র্রথমবারের মতো খেলার সুযোগ এসেছে। সেটা হাতছাড়া করতে চাইনি। মেলাকার হয়ে খেলে সাফল্য পেতে চাই। সেখানে ভালো করতে পারলে সামনের দিকে বাংলাদেশ থেকে আরও খেলোয়াড়দের খেলার সুযোগ আসবে।’
জাবিরের দলে অন্য বিদেশিরাও আছেন। তাইওয়ানের খেলোয়াড়ও থাকবেন। ৮ দলের মধ্যে রবিন লিগ পদ্ধতিতে খেলার পর শীর্ষ দুই দল নিয়ে হবে ফাইনাল। জাবির এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন, ‘মালয়েশিয়াতে ভালো পারফরম্যান্স করে দেখাতে চাই। যেন দল ইতিবাচক ফল করতে পারে। সেখানে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ভালো হবে। তবে আমি আশাবাদী।’









