দক্ষিণ কোরিয়ার দাগুতে ১৫তম এশিয়ান এয়ারগান শুটিংয়ে অনূর্ধ্ব-১৮ বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। শনিবার (১২ নভেম্বর) বাংলাদেশের নারী দল ১০ মিটার এয়ার রাইফেলে ১৭-৫ পয়েন্টে কাজাখস্তানকে হারিয়ে এই পদক নিশ্চিত করেছে।
পদকজয়ীরা হলেন— সাজিদা হক, জাফিয়া জ্যোতি ও মৌমিতা রিয়া। এর মধ্যে সাদিয়া দেশে ও বিদেশে বিভিন্ন টুর্নামেন্টে খেলেছেন। বাকি দুজনের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অভিষেক হলো। আর তিন জনই প্রথম পদক জিতলেন।
এই বিভাগে এককে বাংলাদেশের তরুণ শুটার কামরুন নাহার কলি চতুর্থ হয়েছেন। সাজিদা যুব বিভাগে ষষ্ঠ। এছাড়া ছেলেদের ১০ মিটার সিনিয়রে ব্যক্তিগত বিভাগে রাব্বি হাসান ৬২৯ স্কোর করে ফাইনাল ষষ্ঠ হয়েছেন।
শুটারদের প্রশংসা করে সাবেক তারকা শারমিন আক্তার রত্না সংবাদমাধ্যমকে বলেন, ‘এর আগে এশিয়ান পর্যায়ে দুবার সপ্তম হয় আবদুল্লাহ হেল বাকি। এবার কলি চতুর্থ হয়েছে। এশিয়ান পর্যায়ে সে ভালো স্কোর করেছে। রাব্বি খুবই ভালো স্কোর করে ফাইনালে উঠেছে। সাজিদার স্কোরও ভালো। তুলনামূলক উন্নতি হচ্ছে বাংলাদেশের ছেলেমেয়েদের।’









