আগামী শনিবার শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এই আসরে ৩২টি মিডিয়া হাউজ ৮ গ্রুপে বিভক্ত হয়ে নক আউট পদ্ধতিতে টুর্নামেন্টে অংশ নেবে। ৮ গ্রুপের চাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনাল খেলবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল খেলা দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে। সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি।
এই উপলক্ষে বুধবার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে টুর্নামেন্টের ড্র, জার্সি উন্মোচন, ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং তেহসিনা খানম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএসজেএর সভাপতি এ টি এম সাঈদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলাম।
স্কয়ার টয়লেট্রিজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং তেহসিনা খানম বলেছেন, ‘আমাদের সবার পেশাই খুব চ্যালেঞ্জিং, আপনাদের পেশা আরও চ্যালেঞ্জিং। এইরকম চ্যালেঞ্জিং সব কিছুর সাথে স্কয়ার সব সময় থাকতে পছন্দ করে। গতবার ২৪টি দল ছিল, এবার দল বেড়েছে। সামনে আশা করি আরও বাড়বে। স্কয়ার টয়লেট্রিজের সাথে বিএসজেএর সম্পর্ক অনেক দিনের। এই সম্পর্ক আরও লম্বা হবে, এই আশাই করি।’
প্রতি বছরের ন্যায় এবারো প্রতিযোগিতাটি অত্যন্ত জাঁকজমকতায় অনুষ্ঠিত হবে। গত বছরের সেরা ৭ দলের সঙ্গে মাছরাঙা টিভি- এই ৮টি দলকে টপ সিডে রেখে গ্রুপিং করা হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার্স আপ দল পাবে ১৫ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও ম্যাচসেরাদের জন্য থাকছে পুরস্কার। সিক্স-এ-সাইডের এই টুর্নামেন্টে প্রতি দলে ১০ জন করে খেলোয়াড় থাকবে।









