বুকের রক্ত দিয়ে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার ইতিহাস বাংলাদেশ ছাড়া আর কোথাও নেই। যে কারণে বাংলা ভাষা এখন কেবল বাংলাদেশ, বাঙালিদের ভাষা নয়। এই ভাষা পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ফলে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি পালিত হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে। মঙ্গলবার সব শ্রেণি পেশার মানুষের মতো আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের প্রবেশ মুখে ভিআইপি গ্যালারির নিচে অস্থায়ী শহীদ মিনার তৈরি করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সেখানেই আর্চাররা ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুধু আর্চাররা নন, তাদের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ৫ বছর ধরে বাংলাদেশে থাকা জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখও।
প্রতিদিনের রুটিনের বাইরে আর্চাররা আজ অন্য রকম একটি দিন কাটিয়েছেন। মাঠে অনুশীলনের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিও উদযাপন করেছেন। বাংলাদেশে থাকা আর্চারির কোচ মার্টিন ফ্রেডরিখ ২১ ফেব্রুয়ারি দিনটির মাহাত্ম্য সম্পর্কে ভালোভাবেই অবগত। তাই বাংলা শেখার পাশাপাশি নিজের শিষ্যদের টুকটাক বাংলাতেও দিকনির্দেশনা দিয়েছেন।









