ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টারস দাবায় অষ্টম রাউন্ড শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫ খেলায় ৫ পয়েন্ট অর্জন করেছেন।
আজ শুক্রবার সপ্তম ও অষ্টম রাউন্ডের খেলা হয়। সপ্তম রাউন্ডের খেলায় ফাহাদ সিঙ্গাপুরের ক্যান্ডিডেট মাস্টার ওয়াং জেনইয়ং জাইডেনের সঙ্গে ড্র করেন।
বিকালে অষ্টম রাউন্ডের খেলায় ফাহাদ ভিয়েতনামের আন্তর্জাতিক মাস্টার ত্রান মিন থাংয়ের সঙ্গে ড্র করেন।
আগামীকাল শনিবার নবম বা শেষ রাউন্ডের খেলা হবে। ফাহাদ ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিনের সঙ্গে খেলবেন।
কাজাখস্তানে খেলবেন রাজীব-নোশিনরা
এদিকে কাজাখস্তানের আলমাতি শহরে আগামীকাল শনিবার হতে এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপস ওপেন ও ওমেন দাবা ইভেন্ট শুরু হবে। বাংলাদেশে জাতীয় চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ফাহাদ রহমান ও জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম এ ইভেন্টে অংশগ্রহণ করবেন।
আগামীকাল ব্লিডজ দাবা ইভেন্টের খেলা হবে। মূল ইভেন্টে খেলা শুরু হবে আগামী রবিবার হতে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম
আজ শুক্রবার সকালে আলমাতির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
ফাহাদ রহমান ভিয়েতনাম হতে আগামীকাল আলমাতি পৌঁছাবেন। ওপেন বিভাগের শীর্ষস্থান প্রাপ্ত ৪ খেলোয়াড় বিশ্বকাপ দাবায় এবং মহিলা বিভাগের শীর্ষস্থান প্রাপ্ত দুই খেলোয়াড় ফিদে মহিলা বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এ ইভেন্টে উভয় বিভাগে মোট এক লক্ষ মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হচ্ছে।









