চার বছর পর আবারও স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। এবার গেমস হচ্ছে জার্মানির বার্লিনে। ২০১৯ সালে আবুধাবির ধারাবাহিকতায় এবারও অনেক পদক জিতবে বলে আশা করছেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস কমিটির কর্মকর্তারা।
আগামী ১২-২৫ জুন হবে ওর্য়াল্ড সামার গেমস। দল যাবে ১২জুন সকালে। চার বছর আগে বাংলাদেশ আবুধাবির গেমসে ২২ টি সোনা, ১০টি রূপা ও ৬টি ব্রোঞ্জ জেতে।
এবার বার্লিনে ৮টি ডিসিপ্লিনে অংশ নেবে বুদ্ধি প্রতিবন্ধী অ্যাথলেটরা। তাদের নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ স্পেশাল অলিম্পিকের চেয়ারম্যান ড. শামীম মতিন চৌধুরী, ‘সাধারণ বাচ্চাদের তুলনায় বুদ্ধিপ্রতিবন্দীদের সবকিছুই আলাদা। তারা খুব শৃঙ্খলাপরায়ন এবং খেলার মাঠের ব্যাপারগুলোও ভালোভাবে অনুসরণ করতে পারে। উন্নত দেশে হয়তো এসব বাচ্চাদের শেখানো ও তৈরি করার জন্য অনেক ব্যবস্থা থাকে। সেই তুলনায় চারভাগের এক ভাগও সুযোগ-সুবিধা দিতে পারি না আমরা। কিন্তু মাঠের পারফরম্যান্সে এই স্পোশাল বাচ্চারাই এগিয়ে থাকে। আশা করি, এবারো বিভিন্ন ডিসিপ্লিনে তারা পদক জিতে দেশে ফিরবে।’
১১৩ জনের দলে বুদ্ধি প্রতিবন্ধী অ্যাথলেট ৬৩ জন, ইউনিফাইড অ্যাথলেটের সংখ্যা ১৬ জন। বাকিরা কোচ-কর্মকর্তা।
২০১৯ সালে যেসব ডিসিপ্লিনে তারা পদক জিতেছে, তার কয়েকটা ডিসিপ্লিনে এবার বাংলাদেশ অংশ নিচ্ছে না। এর উত্তরে ন্যশনাল ডিরেক্টর ফারুকুল ইসলামের ব্যাখ্যা, ‘আমাদের ডিসিপ্লিন ঠিক করে দল নির্বাচনের সুযোগ নেই। স্পেশাল অলিম্পিক আন্তর্জাতিক কমিটিই পুরোটা বছর জুড়ে আমাদের কর্মকাণ্ডের খোঁজ-খবর নেয়। যেমন টেবিল টেনিসে আমাদের পদক আসতো আগে, সম্প্রতিক সময়ে এই ডিসিপ্লিনে যে আমাদের কোনো কর্মকাণ্ড নেই সেটা তারা জানে। তাই তারাই ঠিক করে দিয়েছে আটটি দলের অংশগ্রহণের বিষয়টি।’
অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বৌচি, ফুটবল, ভলিবল, হ্যান্ডবলে মহিলা ও পুরষ দল স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসে অংশ নেবে।









