এশিয়ান জুনিয়র জিমন্যাস্টিকসের ভোল্টিং টেবিল ইভেন্টে দারুণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশের জিমন্যাস্ট আহমেদ রাফি। দুর্ভাগ্যের বিষয়টি হলো কাজাখস্তানের তেমিরবেগের সঙ্গে সমান স্কোর করায় বিচারকদের রায়ে চতুর্থ হতে হয়েছে তাকে! এই ইভেন্টে তার স্কোর ছিল ১৩.৭৫। ইভেন্টটিতে চীন প্রথম, ফিলিপাইন দ্বিতীয় ও কাজাখস্তান তৃতীয় হয়েছে।
সিঙ্গাপুর থেকে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘রাফি পজিশন রাউন্ডে তিন নম্বরে অবস্থান করছিল। দুই জনের স্কোর টাই হওয়ায় এক্সিকিউশন দেখেন বিচারকরা। সেখানে রাফিকে চতুর্থ ঘোষণা করা হয়েছে।’
দক্ষিণ কোরিয়ান কোচের অধীনে বাংলাদেশের জিমন্যাস্টরা দীর্ঘমেয়াদে অনুশীলন করে চলেছেন। তাই টুর্নামেন্টে আরও ভালো করার আশা ছিল ফেডারেশনের। সেটি না হওয়ায় কিছুটা হতাশ আহমেদুর রহমান বাবলু, ‘রাফি একমাত্র ফাইনাল পজিশনে খেলেছে। অথচ অন্য ইভেন্টে আমরা কোয়ালিফাই করতে পারিনি। এখন আমাদের অনুশীলনে আরও মনোযোগ দিতে হবে।’









