তুহিন তরফদার-আরদুজ্জামানদের জন্য আগে থেকেই আছেন ভারতীয় কোচ সাজুরাম গয়াত। বর্তমানে দলটি অনুশীলনে আছে ভারতে। এবার নারী দলের জন্যও চূড়ান্ত হয়েছে ভারতীয় কোচ। ৪১ বছর বয়সী মেঘালি শচীন মাস্কারের হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশ নারী কাবাডি দলের দায়িত্ব।
মুম্বাইয়ে জন্ম নেওয়া মেঘালি একসময় ভারতের জাতীয় দলে খেলেছেন। ‘এ’ গ্রেডধারী এই কোচ ২০০৫ সালে ছিলেন সহ-অধিনায়ক। বর্তমানে কাজ করছেন ভারতীয় রেলওয়েতে। ঘরোয়া ও আন্তর্জাতিক কাবাডি খেলার পাশাপাশি তার প্রো কাবাডিতে কোচিং প্যানেলে থাকার অভিজ্ঞতা আছে। মহারাষ্ট্র সরকারের শিব ছত্রপতি পুরস্কারে ভূষিত মেঘালি মুম্বাইসহ মহারাষ্ট্রের কাবাডিতেও কাজ করেছেন।
নারী দলের নতুন কোচ নিয়োগ নিয়ে কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী দলের ম্যানেজার গাজী মোজাম্মেল হক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নারী দলের ভারতীয় কোচ মেঘালি শচীন মাস্কার ভারতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। হাংঝু এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে জাতীয় নারী দল সেখানে যাবে। আগামী ২/৩ দিনের মধ্যে চূড়ান্ত হবে তারা কবে যাবে। তার পর ওরা ২০ আগস্ট পর্যন্ত রাও একাডেমিতে অনুশীলন করবে।’









