ফাহাদ রহমানের গ্র্যান্ডমাস্টার নর্মের জন্য ঢাকায় দুটি টুর্নামেন্ট আয়োজন করেছিলেন বড় তারকা নিয়াজ মোরশেদ। তবে প্রথম টুর্নামেন্টে ফাহাদ সুবিধা করতে পারেননি। আজ মঙ্গলবার দ্বিতীয় ও শেষটিতে নাটকীয়ভাবে তিনি চ্যাম্পিয়ন হলেও কাঙ্ক্ষিত নর্ম অর্জন হয়নি।
নর্ম করতে লাগতো ৯ ম্যাচে ৭ পয়েন্ট, ফাহাদ এক পয়েন্ট কম পেয়েছেন।
উত্তরায় এলিগেন্ট চেস একাডেমিতে আয়োজিত গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট ২ দাবায় গতকাল অষ্টম রাউন্ড শেষে ফাহাদের পয়েন্ট ছিল ৫। সমান পয়েন্ট ছিল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট ১ দাবায় চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থেরও। এই তিনজনই ছিলেন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।
ভারতের ফিদে মাস্টার পানেসার বিদান্ত সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ছিলেন শীর্ষে ।
বিদান্ত আজ তার স্বদেশী ফিদে মাস্টার আরধ্য গর্গের সঙ্গে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যেতেন। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ ড্র করে বসেন। জিততে পারেনি দুইয়ে থাকা জিয়া ও জগোদিসও। এই দুজনও করেছেন ড্র।
অন্যদিকে ফাহাদের 'সৌভাগ্য' শেষ রাউন্ডে ওয়াকওভার পেয়েছেন দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের বিপক্ষে। নিয়াজ সময়মতো আসতে পারেননি। ফলে বিদান্ত ও ফাহাদের পয়েন্ট দাঁড়ায় সমান ৬।
দুজনের অর্জিত পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিংয়ে জয়ের সংখ্যাধিক্য বেশি হওয়ায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ চ্যাম্পিয়ন ও ফিদে মাস্টার পানিসার বিদান্ত রানারআপ হন।
চ্যাম্পিয়ন হলেও ফাহাদের মন খারাপ। আফসোস করে বলেছেন, ‘এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ভালো লাগছে। কিন্তু নর্মটা পেলে আরও বেশি ভালো লাগতো। এখন হলো না।'









