গ্র্যান্ডমাস্টার বাবার হাত ধরে ছেলের দাবায় অভিষেক। কদিন হলো বাবা জিয়াউর রহমান নেই। তাকে চিরতরে হারানোর শোককে শক্তিতে রুপান্তরিত করে তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া দাবায় ফের খেলা শুরু করেছেন। শোক সামলে বাবার স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ার পণ করেছেন তাহসিন।
আজ জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ড ছিল। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সঙ্গে ড্র করে এখন কাল প্লে অফ খেলতে হবে। জিতলেই হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াড নিশ্চিত হবে। যদিও জিয়ার আকস্মিক মৃত্যুতে ছেলের সামনে এমন সুবর্ণ সুযোগ এসেছে।
তার আগে আজ দাবা ফেডারেশনে মায়ের পাশে বসে তাহসিন বাবার স্বপ্ন পূরণের কথা উচ্চারণ করলেন, 'আমার বাবা দাবা খেলতে খেলতে চলে গেলো। তার ইচ্ছা ছিল আমি যেন দাবায় কিছু একটা করি। তার স্বপ্ন ছিল গ্র্যান্ডমাস্টার হই। আমি চাইবো তার স্বপ্ন যেন পূরণ করতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমিও চাই আব্বুর মতো দাবা খেলতে খেলতে চলে যাই!’
বাবার স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চান, ‘আব্বু নেই। কষ্ট হচ্ছে অনেক। ঠিকমতো চিন্তা করতে পারছি না। একটু পর পর আব্বুর কথা মনে পড়ছে। তারপরও খেলতে তো হবে। আব্বুর খেলা তো থাকছে। তা দেখতে পাবো।'
প্রয়াত জিয়ার স্ত্রী তাসনিম লাবণ্য ছেলেকে গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করে বলেছেন, ‘জিয়া নেই। এটা আসলে বোঝানোর ভাষা নেই আমার। আমার জিয়া সারাক্ষণ আমার কাছেই ছিল। জিয়া চাইতো তাহসিন যেন সুপার গ্র্যান্ডমাস্টার হোক। ও লেগে থাকলে তা পারবে। ও বলেছিল ছেলের সঙ্গে থেকে সেই চেষ্টা করবে। এখন ও নেই। আমি এখন সেই চেষ্টা করবো। একা তো পারবো না। সবার সহযোগিতা লাগবে। সরকার থেকে সাহায্য করলে আশা করি তা আমি পারবো।'









