সাগর ইসলামের এখন সুদিন। প্যারিস অলিম্পিকে সরাসরি জায়গা করে নিয়ে সব স্পটলাইট এখন রাজশাহী থেকে উঠে আসা আর্চারের দিকে। দেশে ফিরে অর্থ পুরস্কারসহ সংবর্ধনা পেয়েছেন। সবাই তাকে নতুন করে চিনছে-জানছে। তবে এরই সঙ্গে ভালো করার চ্যালেঞ্জও বাড়িয়ে দিয়েছে। প্যারিস অলিম্পিকে তো সাগর যাচ্ছেন নতুন ধনুক নিয়ে!
এতদিন ফেডারেশনের দেওয়া ধনুক নিয়ে লড়াইয়ে নামতেন সাগর। এবার অলিম্পিকে সরাসরি জায়গা করে নিয়ে দক্ষিণ কোরিয়ার কোম্পানি থেকে ধনুক উপহার হিসেবে পেয়েছেন। তা নিয়েই যাবেন অলিম্পিকে।
নতুন ধনুক পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাগর। কেন না এমন ধনুক আগে ফেডারেশন কিনে দেওয়ায় তা নিয়েই লড়াই করে যাচ্ছিলেন। এখন নতুন করে একই কোম্পানির ধনুক উপহার পেয়ে যারপরনাই খুশি সাগর। বাংলা ট্রিবিউনের কাছে উচ্ছ্বাস প্রকাশ করে সাগর বলেছেন, ‘আগে এক সেট ধনুক দিয়ে খেলতাম। বিকল্প সেভাবে কিছু ছিল না। এখন অলিম্পিকে সরাসরি জায়গা করে নেওয়ায় স্পন্সর কোম্পানি সরাসরি আমাকে ধনুক উপহার দিয়েছে। নতুন ধনুক পেয়ে অনেক ভালো লাগছে। এখন আমি পুরোপুরি দুশ্চিন্তামুক্ত হলাম। দুই সেট ধনুক নিয়ে লড়াইয়ে নামতে পারবো। প্রথমটিতে সমস্যা হলেও পরেরটি ব্যবহার করতে পারবো। এরজন্য স্পন্সর কোম্পানি ও ফেডারেশন ও কোচকে ধন্যবাদ।’
সাগর অলিম্পিকে ভালো করার জন্য শুধু টঙ্গীতে জার্মান কোচ ফ্রেডরিকের অধীনে নিবিড় অনুশীলন করে যাচ্ছেন। তাকে সহযোগিতা করতে বিকেএসপিতে থেকে আর্চাররাও আছেন। সাগর আত্মবিশ্বাসী প্যারিসে ভালো করার বিষয়ে, ‘আমার আত্মবিশ্বাসে কমতি নেই। আমাকে ভালো করতেই হবে। প্যারিসে ভালো কিছু করতে পারলে তখন সবাই আরও খুশি হবে। আমি নিবিড় অনুশীলন করে যাচ্ছি। দেখা যাক কতটুকু কী করতে পারি।’
২০ জুলাই প্যারিস যাবেন সাগর। ২৫ জুলাই থেকে শুরু হবে মাঠের লড়াই।









