সরকার পতনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি জানানো হচ্ছে। দেশের ক্রীড়াঙ্গনেও পড়েছে এর প্রভাব। ক্রীড়া ফেডারেশনগুলোতেও সংস্কার চলছে। আজই ক্রীড়া মন্ত্রণালয় থেকে দেশের সব উপজেলা, জেলা ও বিভাগ ছাড়াও সংশ্লিষ্টদের সংস্থা ভেঙে এডহক কমিটি করতে বলা হয়েছে। এরই প্রেক্ষিতে ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে আজ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু পদত্যাগ করেছেন।
যুক্তরাষ্ট্র থেকে ই-মেইলে ফেডারেশনের সভাপতির কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত সমস্যা উল্লেখ করেছেন। তবে ধারণা করা হচ্ছে, ক্রীড়াঙ্গনে সংস্কারের যে দাবি উঠেছে, সেই পরিপ্রেক্ষিতেই পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন অ্যাথলেটিকস ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাবেক অ্যাথলেট এস এম সরাফতও।
মন্টু শুরুতে সদস্য হয়ে ফেডারেশনে জায়গা করে নেন। এরপর ২০১৭ সালে অ্যাথলেটিকস ফেডারেশনে সরকার মনোনীত অ্যাডহক কমিটিতে সাধারণ সম্পাদক হন। এরপর ২০১৯ ও ২০২৩ সালে একতরফা নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ছিলেন আওয়ামী লীগ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেলও।
প্যারিস অলিম্পিক শেষে দেশে না ফিরে সেখান থেকেই যুক্তরাষ্ট্রে চলে যান মন্টু। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে আসছেন অন্য সংগঠকরা।









