তাইওয়ানে ন্যাশনাল স্কুল অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বিকেএসপির তামিম হোসেন সাফল্য পেয়েছেন। তিনি ট্রিপল জাম্পে ১৪ দশমিক ৭৭ মিটার লাফিয়ে সোনার পদক জিতেছেন।
এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন ৪ জন বালক ও বালিকা। এর মধ্যে ৪০০ মিটার স্প্রিন্টে হাফিজুর রহমান ও ১০০ মিটার নারী স্প্রিন্টে সুমাইয়া আক্তার উঠেছেন সেমিফাইনালে।
তাইওয়ানে বিকেএসপি দলের কোচ হিসেবে ফৌজিয়া হুদা জুঁই ও শাহাদাত হোসেন ভূঁইয়া দলের সঙ্গে আছেন। তাইওয়ান থেকে জুঁই সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এরইমধ্যে আমাদের একজন অ্যাথলেট স্বর্ণ জিতেছে। পরের ধাপে উত্তীর্ণ হয়েছে আরও দুই জন। ভালো ফলাফলের প্রত্যাশা করছি।’
প্রতিযোগিতাটি চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এরপর আগামী ১১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিকেএসপির। প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও স্বাগতিক তাইওয়ান অংশগ্রহণ করছে।









