দাবায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। তার পরেও ওয়ার্ল্ড র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ থেকে ডিসকোয়ালিফাইড হয়েছেন তিনি। কারণ কার্লসেন ফিদের ড্রেস কোড অনুসরণ করেননি।
যত ঘটনা জিন্স পরে আসার জন্য। শুরুতে সপ্তম রাউন্ড শেষে জিন্সের জন্য নরওয়েজিয়ান এই দাবাড়ুকে ২০০ ডলার জরিমানা করা হয়েছিল। কিন্তু নবম রাউন্ডে তাকে পোশাক বদল করতে বলা হলেও সেটি তিনি অনুসরণ করেননি। তাই একই অপরাধের পুনরাবৃত্তি করায় তাকে ডিসকোয়ালিফাইড করেন আরবিটার অ্যালেক্স হোলোভজ্যাক। এই ঘটনার পরই কার্লসেন জানান, তিনি ব্লিটৎজ দাবাতেও অংশ নেবেন না। তবে দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদের ওপর নিজের বিরক্তি গোপন রাখেননি কার্লসেন, ‘আমি ফিদের ওপর ভীষণ বিরক্ত। আমি আর এসব চাই না। তাদের সঙ্গেও কিছুতে থাকতেও চাই না। ঘরের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। হতে পারে এই নীতিটা স্টুপিড ধরনের। কিন্তু বিষয়টা মোটেও মজার নয়।’
জিন্স পাল্টানো নিয়ে তিনি বলেছেন, ‘আমি ওদের বলেছিলাম এটা এখনই পাল্টাতে চাই না। তবে সেটা আগামীকাল করতে পারি। কিন্তু ওরা সেটা সহজভাবে নিলো না। আমি এখন এমন পর্যায়ে পৌঁছেছি, ফিদের ওপর এটাতে ভীষণ বিরক্ত। তাই আমিও সেটা গ্রহণ করতে চাইনি। তার পর যা হওয়ার সেটা হলো।’







