এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে আজ বৃহস্পতিবার কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৪০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে শ্রাবণী, বৃষ্টি ও রুপালিরা। ৫২-১২ পয়েন্টে ম্যাচ জিতে সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইলো বাংলাদেশ।
ইরানে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের কাছে। প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই ২৭-৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশের খেলোয়াড়রা। মালয়েশিয়া কোনোরকমে পয়েন্টে দুই অঙ্কের ঘর ছুঁয়েছে। ৫২-১২ পয়েন্টে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
মালয়েশিয়া তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৪-২৪ পয়েন্টে হেরেছে। আর ভারত ৬৪-২৩ পয়েন্টে হারায় বাংলাদেশকে।
আগামীকাল গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। সাত দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া। আর ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক ইরান, নেপাল ও ইরাক। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। আগামীকাল দুটি সেমিফাইনাল ও ৮ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল।









