অন্তর্বর্তীকালীন সরকার এসে ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নাম পরিবর্তন করছে। এবার ধানমন্ডিতে অবস্থিত সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম বদল করা হয়েছে। নতুন নামকরণ হয়েছে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স।
গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাসার ছাদে গুলি লাগে সাড়ে ছয় বছর বয়সী রিয়া গোপের মাথায়। কয়েকদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে ছোট্ট এই শিশু। সেই রিয়ার স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
এদিকে, ঢাকার জাতীয় স্টেডিয়ামের সামনে থাকা রোলার স্কেটিং কমপ্লেক্সের নাম শেখ রাসেল বাদ দিয়ে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ করা হয়েছে। তেমনি রমনায় অবস্থিত টেনিস কমপ্লেক্স শেখ জামাল বাদ দিয়ে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে রাখা হয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।









