বাংলাদেশের হয়ে প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার পর আর ট্র্যাকে নামা হয়নি ইমরানুর রহমানের। চোটের কারণে বাংলাদেশে এসে আর জাতীয় আসরেও খেলা হয়নি। এবার পায়ে অস্ত্রোপচারের পর নতুন করে নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ। ঢাকায় এসে অনুশীলনও করছেন। পুনরুদ্ধার করতে চান হারানো দ্রুততম মানবের খেতাবও।
আগামী ২২-২৪ আগস্ট অনুষ্ঠিত হবে ১৭তম সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা। এতে অংশগ্রহণের জন্য ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশের সাবেক দ্রুততম মানব ইমরানুর নৌবাহিনীর হয়ে তিনটি ইভেন্টে অংশগ্রহণ করবেন।
আজ সকালে জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়েছেন। নিজের সেরা ১০০ মিটার ছাড়াও ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে ইমরানের এন্ট্রি দিয়েছে তার সংস্থা বাংলাদেশ নৌবাহিনী।
গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে ইমরান না খেলায় দ্রুততম মানবের খেতাব অর্জন করেন মোহাম্মদ ইসমাইল। এবারের আসর নিয়ে ইমরান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গত এক বছর ধরে চোটের সঙ্গে লড়ছি। অপারেশন হয়েছে। এখন ট্র্যাকে ফেরার অপেক্ষায়। যদিও আমার আগের অবস্থায় ফিরতে আরও সময় লাগবে। তারপরও সামার প্রতিযোগিতায় নিজেকে নতুন রূপে দেখতে চাই। চাই দ্রুততম মানবের খেতাব আবারও ফিরে পেতে। এর জন্য কিছু দিন ধরেই অনুশীলন করে যাচ্ছি।’









