টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পঞ্চগড়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে তারা ৩৬-২৩ গোলে হারিয়েছে শক্তিশালী ঢাকাকে।
খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে পঞ্চগড়। প্রথমার্ধেই তারা ১৮-০৯ গোলে এগিয়ে থেকে জয়ের পথ প্রশস্ত করে। পুরো প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে থাকা ঢাকা ফাইনালে এসে পঞ্চগড়ের খেলোয়াড়দের গতি, ফিটনেস ও কৌশলী আক্রমণের কাছে অসহায় হয়ে পড়ে। এর আগে দিনের অন্য ম্যাচে যশোরকে ২৭-২৩ গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে কুষ্টিয়া। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পঞ্চগড়ের রাতুল উদ্দিন।
পঞ্চগড় দলের এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে রয়েছে কোচ নাইমুল ইসলাম রুবেলের অবদান। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তার একটি হ্যান্ডবল একাডেমি রয়েছে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। দলের খেলোয়াড়দের জীবন সংগ্রামও বেশ অনুপ্রেরণাদায়ক; কেউ ছাত্র আবার কেউ দিনের বেলা মাঠে কৃষি কাজ করেন।
প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত কোচ রুবেল বলেন, “প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো কাগছে। গত তিনবার খুব কাছ থেকে আমাদের ফিরতে হয়েছে। এবার ছেলেরা কঠোর পরিশ্রম করে অধরা স্বপ্ন পূরণ করেছে। প্রতিকূল আবহাওয়া এবং প্রশিক্ষণ সামগ্রীর অভাব সত্ত্বেও ফেডারেশনের সহযোগিতায় আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। ভবিষ্যতে আরও সুযোগ-সুবিধা পেলে আমরা আরও ভালো খেলোয়াড় উপহার দিতে পারবো।”
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তানভীর কনস্ট্রাকশনস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহম্মেদ এবং যুগ্ম সম্পাদক, আয়োজন কমিটির সদস্য সচিব রাশিদা আফজালুন নেসা প্রমুখ।









