মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া আঞ্চলিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সাফল্য পেয়েছে। অনূর্ধ-২৩ বয়সীদের আসরে গ্র্যান্ড ফাইনালে নেপালের সাবেক ওয়ার্ল্ড জুনিয়র ১ নম্বর শাটলার প্রিন্স দাহাল ও ক্রিস্তিজ কাহালকে ২১–১৫ / ১৮–২১ / ২১–১৪ পয়েন্ট তথা ২–১ সেটের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ দলে খেলেছেন সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়। এর আগে সেমিফাইনালে পাকিস্তান ও কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার শাটলারদের হারায় তারা। দ্বিতীয় রাউন্ডে ভুটানের কাছে ওয়াকওভার পায় গালিব-জয় জুটি।
গালিব পদক জিতে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা ভালো খেলে স্বর্ণপদক জিতেছি। সামনেও সাফল্য পেতে চাই।’
বাংলাদেশ দলে কোচ হিসেবে ছিলেন সাবেক চ্যাম্পিয়ন মোস্তফা জাবেদ।








