গ্রুপ পর্বে স্বাগতিক নেপালের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। এতেই সামনে এসে দাঁড়িয়েছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অন্যতম সেরা ভারত। ২৬ আগস্ট সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। একদিন আগে আরেক সেমিফাইনালে নেপাল লড়বে ভুটানের বিপক্ষে।
আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত ১-০ গোলে মালদ্বীপকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে। আজ কাঠমান্ডুতে মারুফুল হকের দলের রিকভারি সেশন হয়েছে। কাল থেকে সেমির জন্য মাঠের অনুশীলন শুরু হচ্ছে। তার আগে দলের স্কোরার মিরাজুল ইসলাম আত্ববিশ্বাসী সুরে বলেছেন, ‘ফাইনালে গেলে হয়তো ভারতকে পেতাম। এখন আগেই সেমিফাইনালে পাবো। দল যেই আসুক না কেন আমাদের ফাইনালে খেলতে হবে। সবাই ভালো আছে। তৈরি হচ্ছে ম্যাচের জন্য।’
নেপালের ম্যাচে বাংলাদেশ হেরেছে। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ শিশুতোষ ভুল করেছেন। মিরাজুল বলেছেন, ‘এটা ফুটবলের অংশ। শ্রাবণের সঙ্গে আমরা কথা বলছি। এটা আসলে বিষয় না। এমনটি হতে পারে। তবে এখন সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’









