ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে টাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। টাইব্রেকারে পাকিস্তানের অষ্টম শট ঠেকিয়ে জয়ের অন্যতম নায়ক বাংলাদেশের বদলি গোলকিপার আলিফ রহমান। ম্যাচের শেষ মুহূর্তে কোচ সাইফুল বারী টিটু তাকে নামিয়ে বাজি জিতেছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ গোলকিপার বদল প্রসঙ্গে বলেছেন, ‘আমি এই দলের সঙ্গে এক মাস আছি। গোলকিপার নিয়ে অন্য খেলোয়াড় ও সহকারী কোচিং স্টাফরা আমাকে তথ্য দিচ্ছিল। তারা আত্মবিশ্বাসী ছিল, তাই একমত হয়েই এই পরিবর্তনের সিদ্ধান্ত।’
টাইব্রেকারে প্রত্যেক দল মোট আটটি করে শট নিয়েছে। অষ্টম শট ঠেকিয়ে বাংলাদেশের জয়ের রাস্তা সুগম করেন আলিফ। আশিকুর রহমান গোল করলে বাংলাদেশ জয়ের আনন্দে মাতে।
বাংলাদেশ দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচ জিতেছে। তবে এই জয়কে খানিকটা ভাগ্যপ্রসূত বলছেন টিটু,‘দ্বিতীয়ার্ধে আমরা বেশ কয়েকটি মিস করেছি। এমনকি ওয়ান বাই ওয়ানও। সেগুলো কাজে লাগাতে না পারায় মূলত খেলা এই পর্যায়ে আসে এবং ভাগ্য নিয়েই ম্যাচ জিততে হয়েছে।’
বাংলাদেশ দুই গোলে পিছিয়ে ছিল। দুই গোলে পিছিয়ে পড়ার পরই কোচ মানিককে নামান। গোল করে ম্যাচের চিত্র বদলে দেন এই ফুটবলারই। গোলদাতা মানিক সম্পর্কে কোচের মন্তব্য, ‘মানিক একটু পাতলা গড়নের। তাকে পরে খেলানোই পরিকল্পনা ছিল। মানিক ও আকাশ নামার পর খেলায় পরিবর্তন এসেছে। বিশেষ করে প্রথম গোলের পর। আমরা সবভাবেই চেষ্টা করেছি। ভাগ্যটাও পক্ষে ছিল।’
৩০ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের কোচ ভারতকে খানিকটা এগিয়ে রাখছেন, ‘খেলোয়াড়দের ব্যক্তিগত কোয়ালিটিতে তারা এগিয়ে এবং সর্বশেষ আসরের চ্যাম্পিয়নও। তবে আমরাও তাদের মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছি। স্বাভাবিকভাবেই কৌশলটি উন্মুক্ত করছি না।’









