বাংলাদেশের আইটি খাতে বড় ধরনের বিনিয়োগ করতে জাপান আগ্রহ প্রকাশ করেছে এবং এ ব্যাপারে আলোচনার জন্য শিগগিরই একটি প্রতিনিধিদল ঢাকা সফর করবে। বুধবার টোকিওতে জাপানের অভ্যন্তরীণ ও আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী শিমপে মাতসুশিতা ও বাংলাদেশের তথ্য ও যোগযাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে মাতসুশিতা জাপানের এ আগ্রহের কথা জানান।
বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপকালে বাংলাদেশের আইটি খাতে জাপানের বিনিয়োগের এ আগ্রহের কথা জানিয়ে মাতসুশিতা বলেন, এ ব্যাপারে আলোচনার জন্য শিগগিরই জাপানের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করবে এবং আইটিতে সম্ভাব্য বিনিয়োগের খাতগুলো নিয়ে আলোচনা করবে।
পলক বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ পরবর্তী যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে জাপান আমাদের সহযোগিতা করে। বর্তমানে বাংলাদেশের বিনিয়োগকারী শীর্ষ দেশগুলোর মধ্যে জাপান অন্যতম।
তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় সরকারের গৃহীত নানা উদ্যোগ ও তার বাস্তবায়ন সম্পর্কে মাতসুশিতাকে অবহিত করেন। গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ৩৩২ একর জমির ওপর হাইটেক পার্কসহ দেশে ১২টি হাইটেক পার্ক নির্মাণের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এসব পার্কে বিনিয়োগে ট্যাক্স হলিডেসহ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকার আইটি খাতে অনুকুল বিনিয়োগ পরিবেশ তৈরি করেছে।
জুনাইদ আহমেদ পলক গত ৬ মে থেকে টোকিও বিগ সাইটে শুরু হওয়া জাপান আইটি উইক ২০১৬ -এ যোগদান এবং জাপানের অভ্যন্তরীণ ও আইসিটি প্রতিমন্ত্রী ছাড়াও সে দেশের একাধিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ, আইটি খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক ও আইটি ইনভেস্টমেন্ট সেমিনারে অংশ নেন।
বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা ও আইটি খাতে ব্যবসায়ী সংগঠনের নেতারা পলকের সঙ্গে জাপান সফর করছেন।
টকিও বিগ সাইটে এনজয়িং ডেমোগ্রাফিক ডিভিডেন্ট টু ক্রিয়েট ডিজিটাল বাংলাদেশ শীর্ষক সেমিনারে পাওয়ার পয়েন্ট উপস্থাপনকালে পলক বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেন।
সেমিনারে জাপানের শীর্ষ পর্যায়ের ৩০টি আইটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
সেমিনারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম ও কিউশো ইউনিভার্সিটির অধ্যাপক ড. আসির আহমেদ বক্তব্য রাখেন।
/এইচএএইচ/
আরও পড়তে পারেন: ছাড় ও উপহারের ল্যাপটপ মেলা শুক্রবার থেকে








