‘প্রযুক্তিতে মুক্তি’, এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ল্যাপটপ মেলা। বৃহস্পতিবার তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রযুক্তিভিত্তিক দেশ গঠনে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা দিতে হবে। বাংলাদেশসহ পুরো পৃথিবী এখন প্রযুক্তি বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি মানুষের কাছে প্রযুক্তির কল্যাণ পৌঁছতে ইন্টারনেটকে সাংবিধানিকভাবে মৌলিক অধিকার ঘোষণা করার বিকল্প নেই।’
তথ্যমন্ত্রী স্থানীয় পর্যায়ে প্রযুক্তির প্রসারের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষ পৃথিবীর অনেক বড় দেশের চেয়ে বড় সম্পদ। সবার কাছে প্রযুক্তিকে সহজলভ্য করলেই হবে না, এর স্থানীয়করণের ওপরও নজর দিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে বেসিস সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশের প্রযুক্তি বাজারের আকার ইউরোপের বাজারের চেয়ে বড়। ১৬ কোটি মানুষের এই বাজারে স্থানীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানরা পণ্য উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রস্তুত করতে পারে। তাহলে সাধারণ মানুষের লাগালে প্রযুক্তি পণ্যকে নিয়ে যাওয়া আরও সহজতর হবে।’
সাম্প্রতিক সময়ে প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের অর্জন উল্লেখ করে এই প্রযুক্তিবিদ বলেন, ‘স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের প্রযুক্তির যে অগ্রগতি হয়েছে তার সিংহভাগ হয়েছে বিগত সাত বছরে। ২০০৮ সালে বাংলাদেশের প্রযুক্তিভিত্তিক বাজারের আকার ছিলো ২৬ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৬ সালে এসে আমরা ৭০০ মিলিয়ন ডলারের বাজারের কথা বলতে পারছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি আলী আশফাকসহ আরও অনেকে।
এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ১৮তম ল্যাপটপ প্রদর্শনী। এবারের আয়োজনে ১টি মেগা প্যাভিলিয়ন, ৬টি প্যাভিলিয়ন, ৬টি মিনি প্যাভিলিয়ন ও ৪৪ স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করছে।
এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, ওয়ালটন, লাভা, অ্যাভিরা, আই-লাইফ, ইসেট, রাপ্পো, লিনেক্স, রিভসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নিয়েছে। ল্যাপটপের পাশাপাশি পাওয়া যাচ্ছে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও আনুষঙ্গিক গ্যাজেটস। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে বা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারছেন। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এই সুযোগ পাচ্ছেন।
/এইচএএইচ/আপ-এমও/








