সরকার ঘোষণা দেওয়ার পরে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (আইএসপি) ইন্টারনেটের ওপর থেকে ভ্যাট কমালেও (১৫ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়েছে) মোবাইল ফোন অপারেটররা ১৫ শতাংশ হারেই ভ্যাট নিচ্ছিলো ব্যবহারকারীদের কাছ থেকে। বৃহস্পতিবার সরকারের সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বৈঠকে মোবাইল অপারেটরদের ৫ শতাংশ ভ্যাট নিতে নির্দেশ দেওয়া হয়।
নির্দেশ দেওয়ার পরদিনই গ্রামীণফোন কর্তৃপক্ষ তাদের ইন্টারনেট প্যাকেজে ৫ শতাংশ কার্যকরের ঘোষণা দেয়।
গ্রামীণফোন দুটি ইন্টারনেট প্যাকেজের দাম কমিয়েছে (ভ্যাট কমার কারণে)। আগামী সপ্তাহের মধ্যে অন্যান্য প্যাকেজর দাম সমন্বয় করবে বলে জানিয়েছে অপারেটরটি।
শুক্রবার থেকে (৩ আগস্ট) বর্তমানের ৪২ টাকায় ২ জিবি প্যাকেজ পাওয়া যাবে ৩৮ টাকায় (মেয়াদ ২ দিন) এবং ৯৪ টাকায় ১ জিবি প্যাকেজ পাওয়া যাবে ৮৬ টাকায় (মেয়াদ ৭দিন)।
গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন, আমরা ভ্যাট হ্রাসের সরকারি সিদ্ধান্তের প্রশংসা করি। এর কারণে গ্রাহকদের আরও কম দামে বেশি ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিতে পারছে গ্রামীণফোন। এখন
আমাদের গ্রাহকরা আরও সুলভে ইন্টারনেট দুনিয়ায় প্রবেশ করতে পারবেন এবং আমাদের উন্নততর নেটওয়ার্কের অভিজ্ঞতা পাবেন।
বাংলালিংকও এই নির্দেশনা মেনে ভ্যাট কমানোর প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে। অন্যান্য অপারেটরও এই প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে অপারেটররা।








