চালকবিহীন গাড়ি তৈরিতে উবারের সঙ্গে যৌথভাবে কাজ করতে ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে টয়োটা মোটর করপোরেশন। স্বয়ংক্রিয় গাড়ি ব্যবসার প্রতিযোগিতায় টিকে থাকতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ও রাইড শেয়ারিং সেবায় নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান উবার চালকবিহীন গাড়ি তৈরি প্রতিযোগিতায় বেশ পিছিয়ে পড়েছে। যে কারণে ভবিষ্যতে তাদের ব্যবসা হুমকির মুখে পড়তে পারে। এ অবস্থায় প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে শেষ পর্যন্ত চালকবিহীন গাড়ি তৈরিতে বিনিয়োগ করতে যাচ্ছে তারা।
উবারের প্রধান নির্বাহী দারা খসরু শাহীর কৌশল ছিল যৌথভাবে স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করা। টয়োটার বিনিয়োগের মাধ্যমে আবারও সেটা প্রমাণ হলো। এই বিনিয়োগের মাধ্যমে উবারের চালকবিহীন গাড়ি তৈরি প্রকল্প নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
স্বয়ংক্রিয় গাড়ি তৈরির ক্ষেত্রে টয়োটার ব্যবহৃত প্রযুক্তিরও সাহায্য নেবে উবার। বিশেষ করে অটোমেটেড সেফটি ফিচারগুলো টয়োটার কাছ থেকে নেওয়া হবে। লেন কিপিংসহ আরও কিছু স্বয়ংক্রিয় ফিচার টয়োটার থাকলেও প্রতিষ্ঠানটি পুরোপুরি চালকবিহীন গাড়ি তৈরি করতে সক্ষম নয়। সে কারণেই দুটি প্রতিষ্ঠানের প্রযুক্তি এক করে স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করা হবে।
সূত্র: গেজেটস নাউ








