ওয়াচ নামের ফেসবুক ভিডিও স্ট্রিমিং সার্ভিসটি অবশেষে বিশ্বের সব দেশে চালু হয়েছে। যুক্তরাষ্ট্রে চালু হওয়ার এক বছরেরও বেশি সময় পর বিশ্বের সব মানুষের জন্য এটা অবমুক্ত করে দেওয়া হলো।
এখন থেকে ব্যবহারকারীরা সব ধরনের ভিডিও দেখতে পাবেন। প্রতিষ্ঠিত ব্যান্ড থেকে শুরু করে উঠতি তারকাদের ভিডিও দেখা যাবে এখানে। এছাড়া নিউজ ফিড থেকে সেভ করা ভিডিওগুলোও এই স্ট্রিমিং সার্ভিসে পাওয়া যাবে।
বুধবার থেকে এই সেবাটি সব ব্যবহারকারীর জন্য চালু হলেও অনেকেই সেবাটি নাও পেতে পারেন। শুরুতে এমন সমস্যা হলেও ভবিষ্যতে এমনটি থাকবে না।
ওয়াচকে মূলত ইউটিউবের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এটা গুগলের মালিকানাধীন ইউটিউবের পাশাপাশি নেটফ্লিক্স, অ্যামাজন ভিডিও, বিবিসি আই প্লেয়ার এবং ফেসবুকের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম টিভির সঙ্গে প্রতিযোগিতা করবে।
অবশ্য এক বছরে যুক্তরাষ্ট্রে তেমন কোনও জনপ্রিয়তা অর্জন করতে পারেনি ওয়াচ। এমনকি এখনও পর্যন্ত এই সেবার নামও শোনেনি অনেকে। ডিফিউশন গ্রুপের এক জরিপে ১ হাজার ৬৩২ জন প্রাপ্ত বয়স্ককে ওয়াচ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। এর মধ্যে ৫০ শতাংশ অংশগ্রহণকারী ওয়াচের নাম কখনও শোনেনি। জরিপে অংশ নেওয়াদের মধ্যে মাত্র ১৪ শতাংশ সপ্তাহে একবার ওয়াচ ব্যবহার করতো।
সূত্র: বিবিসি








