সাশ্রয়ী দামে অ্যান্ড্রয়েড ট্যাবলেট আনার ঘোষণা দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনেভো। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। দাম কম হলেও, সর্বাধুনিক ফিচারের প্রায় সবই থাকবে লেনেভোর নতুন ট্যাবলেটে।
টেকটাইমসের বরাতে জানা গেছে, পাঁচটি ট্যাবলেট বাজারে ছাড়বে লেনেভো। এরমধ্যে সবচেয়ে স্বল্পমূল্যের ট্যাবলেটটির দাম পড়বে ৭০ ডলার।
লেনেভো ট্যাব ই৭, লেনেভো ট্যাব ই৮, লেনেভো ট্যাব ই১০, লেনেভো ট্যাব এম১০ এবং লেনেভো ট্যাব পি১০ নামের পাঁচটি ট্যাবলেট বাজারে ছাড়ছে প্রতিষ্ঠানটি। লেনেভোর প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে বলা হয়েছে, পরিবারের সব সদস্যের হাতে যাতে একটি করে ট্যাবলেট থাকে, সে লক্ষ্যেই এই ট্যাবলেটগুলো বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ডিভাইসগুলো ডিজাইনও করা হয়েছে, সে বিষয়টি চিন্তা করে।
পাঁচটি ট্যাবলেটের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে লেনেভো ট্যাব ই৭। মাত্র ৬৯ দশমিক ৯৯ ডলারের বিনিময়ে আগামী অক্টোবর থেকে এই ট্যাবলেট কেনার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। অপারেটিং সিস্টেম হিসেবে লেনেভো ট্যাব ই৭-এ থাকবে অ্যান্ড্রয়েড ওরিও গো ভার্সন। ৭ ইঞ্চি ডিসপ্লের এই ট্যাবটিতে একবার চা্র্জেই টানা পাঁচ ঘণ্টা ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারী। এছাড়া ট্যাবটির স্টোরেজ সীমিত রাখা হয়নি বলেই জানিয়েছে লেনেভো।
ব্যবহারকারীরা ৯৯ দশমিক ৯৯ ডলার দামের লেনেভো ট্যাব ই৮ বেছে নিতে পারেন। ৮ ইঞ্চি ডিসপ্লের এই ট্যাবটিতে আকর্ষণীয় ফিচার হিসেবে থাকছে ডলবি-অ্যাটমস সাপোর্টেড ফ্রন্ট স্পিকার। আর ট্যাবলেটটি বহনের সুবিধার্থে চিকন ও হালকা করা হয়েছে বলেই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। একবার চা্র্জেই টানা ১০ ঘণ্টা ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীরা।
অন্যদিকে, লেনেভো ট্যাব ই১০-এর মাধ্যমে পরিপূর্ণ অডিও-ভিজুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া সম্ভব হবে। এতে রয়েছে ডলবি-অ্যাটমস সাপোর্টেড ফ্রন্ট স্পিকার, ১০ ইঞ্চি ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ প্রসেসর। লেনেভো ট্যাব ই৮ এবং লেনেভো ট্যাব ই১০ দুটি ট্যাবেই থাকবে ৫ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফোকাস ফ্রন্ট ক্যামেরা।








