বাংলাদেশের স্বাধীনতা দিবসে (২৬ মার্চ ) সার্চ ইঞ্জিন গুগল তাদের লোগোতে স্থান দিয়েছে লাল-সবুজ। ডুডল (লোগো) হিসেবে পরিচিত এই লোগো যুক্ত হওয়ায় আজ গুগলে ঢুকলে দেখা যাচ্ছে লাল সবুজ লোগোর ওপরে পণ্য বোঝাই নৌকা। একটি নৌকা অবশ্য খালি। নৌকার মাঝি লগি হাতে দাঁড়িয়ে আছে।
এছাড়া সার্চ অপশনে কোনও কিছু সার্চ দিলে হোম পেজের ওপরে বাম পার্শ্বে লাল-সবুজ গুগল লোগো দেখাচ্ছে। ওই লোগোতে ক্লিক করলে চলে আসছে মূল পেজ।
বিভিন্ন দিবস, বিখ্যাত কারও জন্মদিন কিংবা বিভিন্ন আয়োজনে নিজেদের সার্চ ইঞ্জিনের লোগো নিয়মিতই পরিবর্তন করে থাকে গুগল। বিশেষ এ দিনগুলোতে গুগল নিজেদের নিয়মিত লোগোর জায়গায় যুক্ত করে ওই বিশেষ দিবস বা আয়োজনের প্রতীকী কোনও ছবি বা অ্যানিমেশন।
২০১৮ সালের স্বাধীনতা দিবসে ডুডল প্রকাশ করেছিল গুগল।
২০১৫ সালের ২৬ মার্চ ডুডল পরিবর্তন করে গুগল। লাল-সবুজের সে ডুডলে গুগল লেখাটি ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের পতাকার আদলে। ইংরেজিতে লেখা গুগলের ও অক্ষরটিকে লাল রঙে বৃত্ত হিসেবে দেখানো হয়, যার মধ্যে দেখানো হয় বাঘ (বেঙ্গল টাইগার)।
২০১৬ সালের স্বাধীনতা দিবসে গুগলের ডুডলে ফুটিয়ে তোলা হয় উন্নতির দিকে এগিয়ে চলা বাংলাদেশকে। ডুডলটিতে ইংরেজিতে গুগল লেখার ব্যাকগ্রাউন্ডে ছিল লাল-সবুজ আর ‘ও’ লেখাটির মাঝখানে দেখানো হয় বঙ্গবন্ধু সেতু।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ২০১৩ সালের ২৬ মার্চ প্রথম বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। সেদিন গুগল তাদের মূল পাতায় বাংলাদেশের ফুলে ভরা সবুজ দৃশ্যপটে পতাকা হাতে একটি পরিবারকে নিয়ে ডুডল প্রকাশ করে। সে ডুডলে ক্লিক করলেই বাংলাদেশ স্বাধীনতা দিবস উপলক্ষে তথ্য পান ব্যবহারকারীরা।
গুগলের নানা দিবসের সব ডুডল দেখা যাবে www.google.com/doodles ঠিকানায়।








