আইটি ও প্রযুক্তি বিনিয়োগ গ্রুপ ইজেনারেশন যুক্তরাজ্যভিত্তিক ফিনটেক কোম্পানি টিক টাকা লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এথিক্যাল ট্রেড ফিন্যান্স প্ল্যাটফর্ম টিক টাকা গ্লোবাল সাপ্লাই চেইনের মাধ্যমে শ্রম অনুশীলনকে উন্নত করতে কাজ করে।
ইজেনারেশন লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এমরান আবদুল্লাহ ও টিকটাকা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তাসলিমা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ইজেনারেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইজেনারেশন গ্রুপের নির্বাহী ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম ও টিক টাকার উপদেষ্টা কাসফিয়া ফারহিন।
ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান বলেন, শীর্ষস্থানীয় উদ্ভাবনী সলিউশন এবং কম খরচে আইটি সল্যুউশন সেবার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে ইজেনারেশন কাজ করে চলেছে। এই লক্ষ্য অর্জনে আমরা সর্বাধুনিক প্রযুক্তি যেমন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালাইসিস, ব্লকচেইন ও সাইবার নিরাপত্তায় নিজস্ব বিশেষজ্ঞ টিম তৈরি করেছি।
টিক টাকা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, ইজেনারেশন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম যা আমাদের স্বচ্ছ ও দায়িত্বশীল গ্লোবাল সাপ্লাই চেইন তৈরিতে আরও এগিয়ে নিয়ে যাবে।








